বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগে নির্বাচনে নৌকা ও ধানের শীষ ছিল। এবার নৌকা নেই, কারণ নৌকার কান্ডারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে গেছেন। তিনি জনগণকে বিপদে ফেলে দিল্লিতে বসে আছেন।


সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও-১ আসনের বেগুনবাড়ি ইউনিয়নের বিডি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী গণসংযোগে তিনি এসব কথা বলেন।


মির্জা ফখরুল বলেন, যারা একাত্তরে পাকিস্তানি সেনাদের সহযোগিতা করেছে এবং হাজার হাজার মানুষ হত্যা করেছে, তারা আবার ভোট চাইছে। যে দল স্বাধীনতা ও দেশকে বিশ্বাস করে না, তাদের হাতে দেশ তুলে দেওয়া যাবে না। তাদের ভোট দিয়ে দেশের সর্বনাশ করা হবে না।


এ সময় সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।